নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে পরিকল্পিত পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ পর্যটন নগরী গড়ে তোলার যে প্রত্যাশা করে আসছেন, তা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি পর্যটনমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। শিগগিরই পর্যটনমন্ত্রী এ এলাকা পরিদর্শন করবেন বলে আশা করছেন তিনি। এর আগে পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল এসে এলাকার পর্যটন সম্ভাবনা যাচাই করবে।
তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এলাকার আকাশচিত্র ধারণের পরিকল্পনা রয়েছে। এসব চিত্র পর্যটন করপোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে, যাতে পর্যটন উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে সেগুলো কাজে লাগানো যায়।
ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমে দেখাতে চাই, এই অঞ্চলের মানুষ বছরের পর বছর ধরে পর্যটন নগরীর যে প্রত্যাশা করে আসছেন, তা বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে।’
দুর্গাপুর ও কলমাকান্দার প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলে রয়েছে চিনামাটির পাহাড়, গারো পাহাড় এবং স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী। পাহাড়, নদী ও সমতল ভূমির সমন্বয়ে এখানে মনোরম প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে। যথাযথ পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে এ সৌন্দর্য দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদের কাছেও তুলে ধরতে চান তাঁরা।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যত দ্রুত সম্ভব এ অঞ্চলকে নির্দিষ্ট পর্যটন এলাকার আওতায় আনা এবং আনুষ্ঠানিকভাবে পর্যটন এলাকা হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি ও বিনিয়োগের পরিবেশ গড়ে তোলার বিষয়েও কাজ করা হবে।
শীত মৌসুমে দুর্গাপুরে পর্যটকদের আগমন বাড়ে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এ সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন তিনি। পর্যটকদের নিরাপত্তায় এলাকায় টুরিস্ট পুলিশ মোতায়েনের বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
মন্তব্য করুন