Friday, February 13, 2026
spot_img
Home ময়মনসিংহ মুক্তাগাছায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ

মুক্তাগাছায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ

6
media image
ছবি

মুক্তাগাছা প্রতিনিধি : ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় সরকারি কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মুক্তাগাছা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে এবং সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ও কর্মচারী কল্যাণ পরিষদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়। কর্মবিরতি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রঞ্জু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, সদস্য সারোয়ার হোসেন ও শহীদুল ইসলাম এবং উপজেলা চতুর্থ শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মুকছেদুল মুমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জাতীয় বেতন স্কেল কেবল বেতন বৃদ্ধির বিষয় নয়; এটি দেশের অর্থনীতি, প্রশাসনিক দক্ষতা এবং সরকারি কর্মচারীদের জীবনমানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সর্বশেষ ২০১৫ সালে পে-স্কেল বাস্তবায়নের পর প্রায় এক দশক অতিবাহিত হলেও নতুন কোনো পে-স্কেল ঘোষণা করা হয়নি। এই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কয়েকগুণ বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মচারীরা চরম আর্থিক চাপে পড়েছেন।

তারা আরও বলেন, পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয়; এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার। সরকারি কর্মচারীদের দাবির প্রেক্ষিতে অন্তর্র্বতী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করলেও কমিশন গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ দাখিল করার পরও বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

এতে সরকারি কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা দ্রুত ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান এবং দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here