
ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহ জেলা থেকে একসঙ্গে দুই সংসদ সদস্যের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। জেলার দুই গুরুত্বপূর্ণ আসন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) থেকে নির্বাচিত প্রতিনিধিরা কেন্দ্রীয় মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা তীব্রভাবে বেড়ে গেছে।
গৌরীপুর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এলাকায় সৎ ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ইয়াসের খান চৌধুরীর পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও রয়েছে। তার বাবা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য ছিলেন। প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। ইয়াসের খান পেশাগতভাবে একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন যুক্তরাজ্যের টেলিভিশন নেটওয়ার্ক-এর আইটি বিভাগের দায়িত্ব পালন করেছেন। বিদেশে অবস্থান সত্ত্বেও তিনি সক্রিয়ভাবে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এক জেলা থেকে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়ায় স্থানীয়রা আশাবাদী, এই সুযোগ যদি সঠিকভাবে কাজে লাগানো হয়, তবে ময়মনসিংহের উন্নয়ন ও বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।

