
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনুজ্জামান সরকার রোকন-কে ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর প্রশাসকের দায়িত্ব দেওয়ায় নগরজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় থাকা রোকনুজ্জামান রোকন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি এক সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তাকে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
দলীয় নেতাকর্মীদের দাবি, প্রায় দেড় দশক ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতিতে সক্রিয় থেকেছেন। কঠিন সময়ে মাঠে থেকে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের কাছে ‘রোকন’ নামেই অধিক পরিচিত।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, দলের যেকোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের বিপদ-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন।
এদিকে তাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছার বন্যা বইছে। বিশেষ করে ফেসবুকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। এছাড়াও বিভিন্ন্ সংগঠনরে পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
তারা বলেন, একজন ত্যাগী ও সৎ নেতাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ময়মনসিংহবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের নেতৃত্বে ময়মনসিংহ নগরী-র উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।

