Friday, May 8, 2026
spot_img
Home ময়মনসিংহ ময়মনসিংহে বজ্রপাতে দুইজনের মৃত্যু

ময়মনসিংহে বজ্রপাতে দুইজনের মৃত্যু

13
media image
ছবি

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে এক যুবকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে পৃথক এই দুটি ঘটনা ঘটে।

নিহতরা হলেন গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের ওলি মিয়ার ছেলে রহমত আলী উজ্জল (৩০)। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন। অপরজন গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দর আলী খানের ছেলে মমতাজ আলী খান (৫৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমত আলী উজ্জল দুপুরে তার বোন জামাইয়ের ধান খেত দেখতে পূর্বানাপাড়া গ্রামে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

২ নম্বর গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বলেন, নিহত রহমত আলী উজ্জল একজন মুদি দোকানি ছিলেন। দুপুরে ধান খেত দেখতে গিয়ে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাফনসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গনমাধ্যমকে বলেন, বজ্রপাতে একজন যুবক নিহত হওয়ার খবর পেয়েছি। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অপরদিকে, গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামে বজ্রপাতে মমতাজ আলী খানের মৃত্যু হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, তিনি জোহরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতের শিকার হন।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান গনমাধ্যমকে বলেন, মমতাজ আলী খান নামাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here