মুক্তাগাছা সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছায় বৈশাখী মেলায় তুচ্ছ ঘটনায় স্কুলছাত্র সিয়াম (১৫) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রায়হান (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ মে) সিয়ামের বাবা মো. আব্দুস সালাম ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪–১৫ জনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পরপরই অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করা হয়।
নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতার রায়হান একই ইউনিয়নের রামনাথবাড়ী গ্রামের কালু শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের পদুরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দুই দিনব্যাপী বৈশাখী মেলায় গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে যায় সিয়াম। এ সময় বন্ধুদের দুই গ্রুপের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, রামনাথবাড়ী গ্রামের মান্নানের ছেলে নাজমুলের (৩৫) নির্দেশে প্রতিপক্ষের কয়েকজন কিশোর সংঘবদ্ধ হয়ে লাঠি দিয়ে সিয়ামকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন,সিয়াম হত্যার ঘটনায় রায়হান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





