ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওয়াবদার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম ভালুকা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঠালী বাগরাপাড়া এলাকার সিরাজ উদ্দিন খানের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মাগরিবের আজান শুনে নামাজ পড়তে বাড়ি থেকে বের হন রফিকুল ইসলাম। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে নিজের বাসা থেকে রাস্তা পার হয়ে পূর্ব পাশে একটি মসজিদে যাওয়ার সময় ঢাকাগামী সড়কে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয় বলে পরিবারের সদস্যরা জানান।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, দুর্ঘটনার পর অটোরিকশাটির চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
মন্তব্য করুন