জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই’—এ মন্তব্য করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার ময়মনসিংহ নগরীর প্রিমিয়াম আইডিয়াল হাইস্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং আসপাডার সহযোগিতায় আয়োজিত আলোচনা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, মানুষের জীবনধারণ ও পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। গাছ থেকে পাওয়া অক্সিজেন ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। সরকারি কর্মসূচির পাশাপাশি চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাবের এ ধরনের উদ্যোগ পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা করতে হবে। পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার পাশাপাশি পরিচ্ছন্ন দেশ গড়তেও শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানের অন্যান্য অতিথি ও আয়োজকেরা দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলকে সবুজে ভরে তোলার উদ্যোগ নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির পরিচর্যা করার আহ্বান জানান তাঁরা।
ছাত্র ও ছাত্রীদের নিয়ে পৃথকভাবে আয়োজিত আলোচনা সভায় প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি অধ্যক্ষ লে. কর্নেল (অব.) ড. শাহাব উদ্দিন সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবী লায়ন আলহাজ মো. আবদুর রশিদ, সাংবাদিক এ জেড এম ইমামউদ্দিন মুক্তা, সংস্কৃতিকর্মী ও সংগঠক ইয়াজদানী কোরায়শী, পরিবেশকর্মী ও ব্যবসায়ী শরিফ খন্দকার শরিফ উদ্দিন, সংগঠনের সহসভাপতি ও প্রিমিয়াম আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. চান মিয়া, অর্থ সম্পাদক রোটারিয়ান মো. আনিসুর রহমান এবং নারী বিষয়ক সম্পাদক ও নারী উদ্যোক্তা নুরুন্নাহার রুজি।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা শংকর সাহা এবং স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সত্যেন্দ্র মজুমদারসহ অন্যরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের চৌধুরী মুন্না।
আলোচনা শেষে সংগঠনের সভাপতি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান। পরে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
|
১২ অগাস্ট, ২০২৬