‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা কনফারেন্স রুমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়ের সঞ্চালনায় সভায় বক্তারা মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, পরিকল্পিত মাছ চাষ ও সুষম ব্যবস্থাপনার মাধ্যমে হালুয়াঘাটে মাছের উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে।
তাঁরা আরও বলেন, নদী-নালা, খাল-বিল ও জলাশয় সংরক্ষণ, অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং পোনামাছ নিধন রোধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগণ, মৎস্যচাষি ও মৎস্যজীবীদের আরও সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
তরুণ প্রজন্মকে মাছ চাষ ও মৎস্য খামার গড়ে তুলতে উদ্বুদ্ধ করার কথাও বলেন বক্তারা। তাঁদের মতে, মৎস্য খাতের সম্প্রসারণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব কমানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সাবেক ছাত্রদল আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হিরা, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন মাস্টার এবং ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী খানসহ বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি, মৎস্যজীবী, কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনজন সফল মৎস্যজীবীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত হালুয়াঘাটে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময়, মাছ চাষে উদ্বুদ্ধকরণ, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদন বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।
|
১৭ অগাস্ট, ২০২৬