‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত এসব কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে সকাল ১১টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় পর্যায়ে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় নির্বাচিত মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, মাছ দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস। মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মৎস্য খাতকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র। তিনি বলেন, মুক্তাগাছার মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে আধুনিক পদ্ধতি অনুসরণের পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও সংরক্ষণে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মেদ বলেন, দেশের মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হচ্ছে। কর্মসূচিগুলো সফল করতে উপজেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় মৎস্য পক্ষ উপলক্ষে জনসাধারণের জন্য প্রাণিজাত খাদ্যপণ্যের প্রদর্শনীর আয়োজন রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, মুক্তাগাছা, ময়মনসিংহের আয়োজনে তিন দিনব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
|
১৭ অগাস্ট, ২০২৬