ঝিনাইগাতী প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নওকুচি মহিলা মার্কেট এবং ৮ নম্বর ওয়ার্ডের বহেরাতলী মোড় থেকে জামে মসজিদ পর্যন্ত সিসি ঢালাই সড়ক নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকাভিত্তিক দ্বিতীয় প্রকল্পের অধীনে ২০২৫-২৬ অর্থবছরে সড়ক দুটি নির্মাণ করা হয়েছে।
সড়ক দুটি নির্মাণের ফলে সীমান্ত ও পাহাড়ি এলাকার মানুষের চলাচলের পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হয়েছে বলে স্থানীয়রা জানান। বিশেষ করে আদিবাসী জনগোষ্ঠীসহ সাধারণ মানুষ এসব সড়ক নির্মাণে উপকৃত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন আঁকাবাঁকা মেঠোপথ ব্যবহার করে তাঁদের চলাচল করতে হতো। নতুন সিসি ঢালাই সড়ক নির্মাণের ফলে বর্ষাসহ বিভিন্ন সময়ে চলাচলের দুর্ভোগ অনেকটাই কমেছে। বাকি কাঁচা রাস্তাগুলোও পর্যায়ক্রমে নির্মাণ করা হলে সীমান্ত এলাকার মানুষের দুর্ভোগ আরও কমবে বলে তাঁরা আশা করছেন।
এলাকাবাসী বলেন, ‘রাস্তা দুটির কাজ বাস্তবায়ন হওয়ায় আমাদের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘদিনের চলাচলের সমস্যা কিছুটা হলেও কমেছে।’
সড়ক নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হওয়ায় স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান এলাকাবাসী। তাঁদের ভাষ্য, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল গণমাধ্যমকে বলেন, ‘আমি সংসদ সদস্য হয়েছি সবেমাত্র চার মাস। বিগত সময়ে বিএনপি অধ্যুষিত এলাকায় কোনো রাস্তাঘাটের কাজ হয়নি। এই উপজেলায় অনেক কাঁচা রাস্তা রয়েছে। আমি পর্যায়ক্রমে উপজেলার রাস্তাঘাটের সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘জনগণ অনেক আশা নিয়ে আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছেন। তাঁদের সেবা করাই আমার মূল লক্ষ্য।’
|
২৫ অক্টোবর, ২০২৬