মুক্তাগাছা প্রতিনিধি: দীর্ঘ ৩৯ বছরের চাকরিজীবনের ইতি টেনে অবসরে গেলেন পুলিশ কনস্টেবল মো. আকরাম হোসেন। কর্মজীবনের শেষ দিনে সহকর্মীরা ফুলসজ্জিত পুলিশের গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দিয়ে বিদায় জানান। বুধবার (২৩ সেপ্টেম্বর) মুক্তাগাছা পুলিশ ফাঁড়ি থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
মো. আকরাম হোসেনের জন্ম ২৫ সেপ্টেম্বর ১৯৬৭। তিনি মুক্তাগাছা পৌর এলাকার আটানীবাজার জামে মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা। ১৯৮৮ সালে অষ্টম শ্রেণি পাসের পর তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) চাকরিতে যোগ দেন। পরবর্তীতে থানা পুলিশের হয়ে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন তিনি।
অবসর উপলক্ষে বুধবার সকালে মুক্তাগাছা পুলিশ ফাঁড়িতে তার বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছউদ্দিন খানসহ সহকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনায় সহকর্মীরা আকরাম হোসেনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। কর্মজীবনের সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বিদায় শুভেচ্ছা পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শামছউদ্দিন খানের নেতৃত্বে সহকর্মীরা ফুল দিয়ে সাজানো পুলিশের গাড়িতে করে আকরাম হোসেনকে তার নিজ বাড়িতে পৌঁছে দেন।
বিদায়ী পুলিশ সদস্য মো. আকরাম হোসেন গণমাধ্যমকে বলেন, ৩৯ বছরের চাকরিজীবনের প্রতিটি দিন এবং সহকর্মীদের সঙ্গে কাটানো সময় তার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।
মুক্তাগাছা থানার ওসি মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দীর্ঘ চাকরিজীবনে আকরাম হোসেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অবসর জীবন সুস্থ, সুন্দর ও শান্তিময় হোক—এ কামনা করছি।
মন্তব্য করুন