হালুয়াঘাট প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটে একটি পুকুরে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ পিরানহা মাছ উদ্ধার করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হালুয়াঘাট বালিকা উচ্চবিদ্যালয়ের পুকুরে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদের নেতৃত্বে পুকুরটিতে অভিযান চালানো হয়। এ সময় জাল ফেলে বিপুল পরিমাণ পিরানহা মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা মাছগুলো জনস্বার্থে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘পিরানহা একটি নিষিদ্ধ ও ক্ষতিকর মাছ। এ মাছের চাষ ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, কেউ নিষিদ্ধ মাছ চাষ বা বিক্রির সঙ্গে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন