নিজস্ব সংবাদদাতা: ময়মনসিংহে মারামারির মামলার প্রধান আসামি মো. জালাল উদ্দিন (৫০)কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জালাল উদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার বোররচর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে নগরীর বাতিরকল এলাকা থেকে জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তিনি কোতোয়ালি মডেল থানার ৪৬ নম্বর মামলার প্রধান আসামি।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, জালাল উদ্দিনের বিরুদ্ধে মারামারির মামলা ছাড়াও সরকারি রাস্তা নির্মাণকাজে বাধা, জুয়া ও মাদকের আসর পরিচালনাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এসআই মো. আব্দুর রহিম বলেন, জালাল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগগুলো তদন্ত করে যাচাই-বাছাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার জালাল উদ্দিনকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন