নেত্রকোনার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে ৮৫০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। ভর্তি রোগীর সংখ্যাও অনুমোদিত শয্যার প্রায় দ্বিগুণ। হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করা হলেও এখানে প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়নি। পুরোনো জনবল দিয়েই চলছে কার্যক্রম।
চিকিৎসকসহ বিভিন্ন পদে সংকট থাকায় সরকারি এই হাসপাতালে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতাল সূত্র জানায়, ২০১৮ সালের সেপ্টেম্বরে হাসপাতালটিকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হয়। পরে ২০২৫ সালের অক্টোবরে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ২৫০ শয্যার কার্যক্রমের জন্য ৪৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৯ তলা একটি নতুন ভবনও নির্মাণ করা হয়। তবে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুবিধা না থাকায় এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু করা যায়নি।
১০০ শয্যার হিসাবে হাসপাতালে তত্ত্বাবধায়কসহ চিকিৎসকের অনুমোদিত পদ ৬৮টি। এর বিপরীতে কর্মরত আছেন ৩০ জন চিকিৎসক। শূন্য পদ আছে ৩৮টি। এর মধ্যে ১০টি সিনিয়র কনসালট্যান্ট পদের ৭টি এবং ১২টি জুনিয়র কনসালট্যান্ট পদের ৬টি শূন্য। চিকিৎসক ছাড়াও দ্বিতীয় শ্রেণির ৯৭টি পদের মধ্যে ৪২টি, তৃতীয় শ্রেণির ৪২টির মধ্যে ১৯টি এবং চতুর্থ শ্রেণির ২২টি পদের মধ্যে ১০টি পদ শূন্য রয়েছে।
মন্তব্য করুন