ময়মনসিংহের ভালুকায় ১৩ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল মোতালেক (৩২) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ওই কিশোরী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার (৯ অক্টোবর) রাতে কিশোরীর মা বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।
অভিযুক্ত আব্দুল মোতালেক নেত্রকোনার তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালী এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ঢাকার কলাবাগান থানা এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। গত ২২ মে কয়েক দিনের ছুটিতে বাবার সঙ্গে ভালুকার কাঠালী এলাকায় মায়ের কাছে বেড়াতে যায় সে। পরে ২৫ জুন ঢাকায় ফিরে আগের কর্মস্থলে যোগ দেয়।
সম্প্রতি কিশোরীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বাসার মালিকের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে কিশোরী অভিযোগ করে, ভালুকায় বেড়াতে যাওয়ার পর তার বাবা তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন।
বিষয়টি জানার পর বাসার মালিক কিশোরীর মা-বাবাকে ডেকে আনেন এবং কিশোরীকে কলাবাগান থানা পুলিশের কাছে নিয়ে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে অভিযুক্ত ব্যক্তিকে কলাবাগান থানা থেকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী কিশোরীর মা অভিযোগ করেন, গত ২২ মে তাঁর স্বামী মেয়েকে ঢাকা থেকে বেড়ানোর কথা বলে ভালুকায় নিয়ে আসেন। প্রায় এক মাস পর মেয়েকে আবার ঢাকায় কর্মস্থলে রেখে যান। তিনি জীবিকার প্রয়োজনে দিনের বড় একটি সময় বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে তাঁর স্বামী মেয়েকে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করেন তিনি।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম গনমাধ্যমকে বলেন, অভিযুক্ত ব্যক্তিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য করুন