ময়মনসিংহে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী।
সম্মেলনে বক্তারা নারীর অধিকার, মর্যাদা ও সামাজিক অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁদের বক্তব্যে বলা হয়, ধর্মের নামে নারীদের হয়রানি করা ইসলামের প্রকৃত শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁদের মতে, ইসলামের প্রাথমিক যুগে নারীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন।
বক্তারা আরও বলেন, তাঁদের দৃষ্টিতে পশ্চিমা বস্তুবাদী সভ্যতা নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি এবং বিভিন্ন ক্ষেত্রে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাঁদের মতে, ইসলামের সঠিক আদর্শ অনুসরণের মাধ্যমে নারীর অধিকার, মর্যাদা ও স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।
হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলা নারী সম্পাদক সামিয়া আক্তার ডলির সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপদেষ্টা খাদিজা খাতুন, বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা এবং সাবেক বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তারসহ অন্যরা।
সম্মেলনে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নারীরা অংশগ্রহণ করেন। আয়োজনে নারীদের অধিকার, মর্যাদা ও সমাজে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন