নেত্রকোনার মোহনগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত সবুজ মিয়ার (৬০) মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (১১ অক্টোবর) সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
সবুজ মিয়া উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আয়াত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট বিকেলে দূর্গাপুর গ্রামে পল্লী বিদ্যুতের একটি খুঁটি বসানো নিয়ে গ্রামের জাহাঙ্গীর আলম ও তার লোকজনের সঙ্গে একই গ্রামের সবুজ মিয়াসহ তার লোকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সবুজ মিয়াসহ ৪ জন গুরুতর আহত হন। অপর পক্ষেরও কয়েকজন আহত হন।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর আহত সবুজ মিয়াকে চিকিৎসার জন্য মমেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনায় সবুজ মিয়ার পক্ষ থেকে আনিছুর ইসলাম ইমন বাদী হয়ে প্রতিপক্ষের জাহাঙ্গীর আলমসহ ১৩ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা করেন। অন্যদিকে অপর পক্ষের লোকজনও থানায় মামলা করেন। একই ঘটনায় দুপক্ষের পাল্টাপাল্টি মামলা হয় থানায়। তবে উভয় মামলায় আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ওই দুই ঘটনায় দুপক্ষই মামলা করেছে। আসামিরা সবাই আদালত থেকে জামিন নিয়েছে। সবুজ মিয়ার মৃত্যুর ঘটনায় আগের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। বিষয়টি আদালতকে লিখিতভাবে জানানো হবে। পরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন