ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় গফরগাঁও উপজেলা পরিষদের শামছুল হুদা পাঁচবাগী হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ঐতিহ্য রয়েছে। জাতি-ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে বিভিন্ন উৎসব পালন করে আসছেন। এবারও দেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।
স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাচ্চু বলেন, দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তিনি সবাইকে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, দক্ষিণ গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) নূরুল হুদা, পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী দিলীপ কুমার রায় ও সাধারণ সম্পাদক অনিল রায়সহ অন্যরা।
অনুষ্ঠানে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও এলাকার ২০টি পূজামণ্ডপের প্রতিটিকে ৫ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়েছে বলে আয়োজকদের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য করুন