নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
রোববার সকালে ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের নেতারা ও স্থানীয় সাংবাদিকেরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির এলাকায় মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর সংঘটিত হামলা ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা জরুরি।
মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যাসহ সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং আইনানুগ বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি মো. আবুল কালাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম এবং সাংবাদিক আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন ও হেলাল উদ্দিন উজ্জ্বলসহ অন্যরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। তাঁর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্থানে সাংবাদিকেরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
মন্তব্য করুন