প্রধান মন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে।
আজ সোমবার (১৯ অক্টোবর) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং ’ওসমানী উদ্যানের আধুনিকায়ন’ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বিরোধীদলের সমালোচনা করে প্রধান মন্ত্রী বলেন, বিরোধীদল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। বিরোধীদল জুলাইকে ধারণ করে না বলেই আজ জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। আগের অবস্থায় ফিরে এসেছে বিরোধীদল। এ সময় বিরোধীদলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি।
প্রধান মন্ত্রী বলেন, সব ব্যাপারে একমত না হতে পারলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ৭১ এবং ২৪ এর জুলাই আন্দোলন। দুই আন্দোলনের লক্ষ্যই ছিল একই।
জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। এসব শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয়তাবাদী দলকে বেছে নিয়েছে দেশ পরিচালনার জন্য। যারা আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করবে।
বিরোধীদলের উদ্দেশে প্রধান মন্ত্রী আরও বলেন, এডিস মশা সরকারি কিংবা বিরোধীদল চেনে না। তাই ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে অংশ গ্রহণের আহ্বান জানান জানান তিনি।
এ সময় হাসপাতালে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন