কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় ইভা নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইভা পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কোশাকান্দা গ্রামের সোহেল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে শ্রীরামদী এলাকায় সড়ক পার হচ্ছিল ইভা। এ সময় কিশোরগঞ্জগামী একটি ব্যাটারিচালিত অটোবাইক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুশফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। আঘাতের কারণে তার মুখ ও নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন