নেত্রকোণার দুর্গাপুরের সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০টায় মুক্তাগাছা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের সাংবাদিকেরা অংশ নেন। তাঁরা সাংবাদিক হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন মুক্তা, সদস্য সচিব ফেরদৌস আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিক সরকার ও এম ইদ্রিস আলীসহ অন্যরা।
বক্তারা গণমাধ্যমকে বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাঁদের ওপর হামলা ও হত্যার ঘটনা শুধু একটি পরিবারকে বিপর্যস্ত করে না, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচারের পরিবেশকেও বাধাগ্রস্ত করে। এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি।
তাঁরা গণমাধ্যমকে আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা প্রতিরোধ করা যায়।
বক্তারা আরও জানান, নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে আলিফের পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা। তাঁদের মতে, এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিহতের পরিবারের পাশে দাঁড়ানো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তাগাছা প্রেসক্লাবের সদস্য বজরং আগরওয়ালা, মাজহারুল আজাদ বুলবুল, মোফাজ্জল হোসেন, দরাজ আলী, তাজুল ইসলাম, সারওয়ার ইকরাম রিপন, ফেরদৌস তাজ, সুলভ হুসাইন, বাবলু, হযরত আলী ও সবুরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য।
মানববন্ধন থেকে বক্তারা সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মন্তব্য করুন