শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বিজয়া পুনর্মিলনী। ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির নেতা, বিশিষ্ট সমাজসেবক ও মণিসিংহ মেলা উদযাপন কমিটির আহ্বায়ক কমরেড ডা. দিবালোক সিংহের ব্যক্তিগত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন। আয়োজক ডা. দিবালোক সিংহ প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে এ পুনর্মিলনীর আয়োজন করে আসছেন। বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
ডা. দিবালোক সিংহের সভাপতিত্বে এবং সিপিবির দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এম রফিকুল ইসলাম, মণিসিংহ মেলা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অজয় সাহা, সিপিবির উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন মুকুল, উদীচীর সভাপতি শামছুল আলম তালুকদার ও কবি লোকান্ত শাওনসহ অনেকে।
বক্তারা এ ধরনের আয়োজনের জন্য ডা. দিবালোক সিংহকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের মনের অসুরিক প্রবৃত্তি—কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলা। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়াতে এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, দুর্গাপুরের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য করুন