ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্যকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন ভালুকা মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাহিদুল ইসলাম (৪০) ও কনস্টেবল বাকিরুল ইসলাম (৩২)।
থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তারের জন্য এএসআই রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল ইসলাম সজনগাঁও এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কুদ্দুসের স্বজনেরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে স্থানীয় লোকজন আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে এএসআই রাহিদুল ইসলাম ও কনস্টেবল বাকিরুল ইসলাম আহত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
মন্তব্য করুন