Hasan
২৭ নভেম্বর ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষক সহায়তার ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব, স্বাক্ষর জালের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে পৃথক দুটি ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এসব অর্থ উত্তোলনের সরাসরি অভিযোগ উঠেছে ওই পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ওই দিন রাতেই মো. উসমান গনি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে হাওর ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি ৩ হাজার টাকা করে দেওয়ার জন্য ২০২৬ সালের জুলাই মাসের বরাদ্দ থেকে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের ৩৫০৫২০০০০১০৪৬ নম্বর ব্যাংক হিসাবে এ অর্থ জমা হয়। আগের স্থিতি ২৮ হাজার ৮৫৪ টাকাসহ ওই হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা জমা ছিল।

পরবর্তী সময়ে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই তুলে সচিব মো. রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের নির্দেশ দেন প্রশাসক। তবে অসুস্থতার অজুহাতে তিনি বারবার সময়ক্ষেপণ করতে থাকেন এবং নির্ধারিত দুই দফা বিতরণ তারিখেও অনুপস্থিত থাকেন। সর্বশেষ আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টাকা বিতরণের দিন ধার্য ছিল। এর আগে ২২ নভেম্বর থেকে সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি; ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্দেহ হলে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালামকে সচিবের বাড়িতে পাঠানো হলেও তাকে সেখানে পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ১০টায় প্রশাসক সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় গিয়ে ব্যবস্থাপকের সঙ্গে আলোচনা করেন এবং যৌথ হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করেন। স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, কৃষকদের মানবিক সহায়তার ওই হিসাবে মাত্র ২ হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে। প্রশাসকের দাবি, তাঁর স্বাক্ষর জাল করে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত ২৬টি চেকের মাধ্যমে মোট ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে, অথচ একজন কৃষকও টাকা পাননি।

একইভাবে সোনালী ব্যাংক দুর্গাপুর শাখায় থাকা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৩৫০৫৫০২০০০১২৬৩ নম্বর হিসাব থেকেও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৯ অক্টোবর পর্যন্ত ওই হিসাবে ১৬ লাখ ৮৯ হাজার ৩৪৬ টাকা স্থিতি ছিল। পরবর্তীতে ২০২৬ সালের ৮ মার্চ ৮ লাখ ৫০ হাজার ৮০০ টাকা এবং ২২ জুন সরকারি বরাদ্দ বাবদ আরও ১ লাখ ৯৯ হাজার টাকা জমা হয়। সব মিলিয়ে ওই হিসাবে ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা থাকার কথা থাকলেও প্রশাসকের স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুটি হিসাব মিলিয়ে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে।

ব্যাংকের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, সচিব মো. রুয়েলুজ্জামান এসব চেকের অধিকাংশই ২ নম্বর আসামি মো. উসমান গনি এবং ৩ নম্বর আসামি রিপন কর্মকারের নামে উত্তোলন করেছেন।

ঘটনা জানার পর প্রশাসক তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে ইউএনও তাঁর কার্যালয়ে ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ডেকে নেন। সেখানে ইউপি সদস্য ও ২ নম্বর আসামির ভায়রা ভাই মো. বিল্লাল মিয়ার উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে উসমান গনি ও রিপন কর্মকার সচিবের সহায়তায় যোগসাজশে ব্যাংক থেকে সরকারি অর্থ উত্তোলনের বিষয়টি স্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন গাঁওকান্দিয়া ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. রুয়েলুজ্জামান (৪৫), মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) ও রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, যৌথ হিসাবের স্টেটমেন্ট পর্যালোচনা ও সাক্ষীদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। সরকারি অর্থ আত্মসাৎ ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে বন্যাকবলিত কৃষকদের মানবিক সহায়তা ও উন্নয়ন তহবিলের অর্থ লোপাটের অভিযোগে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্ত, ব্যাংকের লেনদেন যাচাই, আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং পলাতক সচিবসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের অগ্রগতি নিয়ে ছাত্রদলের কর্মশালা | জাতীয়

১

আ.লীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

২

কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

৩

নেত্রকোনায় আগুনে পুড়ল চার দোকান, ক্ষতি ২০ লাখ টাকা

৪

ফুলপুরে ভিক্ষার সময় নির্ধারণ, নিয়ম ভাঙলেই জেল: ফকির সভাপতি

৫

ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

৬

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই

৭

কিশোরগঞ্জে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত

৮

হাঁসের ডাক প্লেগের টিকা গবেষণায় জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর রহমান

৯

ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড

১০

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

১১

উন্নয়নের ধারা বাধাগ্রস্ত করে দেশকে অন্ধকারে নেওয়ার চেষ্টা: প্রতিমন্ত্রী শরীফুল আলম

১২

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সহায়তা চেয়ে ইসির চিঠি

১৩

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা

১৪

ফজলুর রহমানকে ‘পরকীয়া’ ছাড়তে বললেন শামসুজ্জামান দুদু

১৫

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে তাড়াইলে র‍্যালি ও আলোচনা সভা

১৬

রাস্তা পার হতে গিয়ে সিএনজির ধাক্কায় প্রাণ গেলো দর্জির

১৭

কৃষক সহায়তার ৫৯ লাখ টাকা নিয়ে উধাও ইউপি সচিব, স্বাক্ষর জালের অভিযোগ

১৮

বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

১৯

আধুনিক প্রযুক্তিতে সাত জেলা পর্যবেক্ষণ করছে ১০৯ প্লাটুন বিজিবি

২০
শিরোনামঃ
❮কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের অগ্রগতি নিয়ে ছাত্রদলের কর্মশালা | জাতীয়❮আ.লীগ নেতাকে আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে❮কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা❮নেত্রকোনায় আগুনে পুড়ল চার দোকান, ক্ষতি ২০ লাখ টাকা❮ফুলপুরে ভিক্ষার সময় নির্ধারণ, নিয়ম ভাঙলেই জেল: ফকির সভাপতি❮ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত❮কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন, হবে হাড্ডাহাড্ডি লড়াই❮কিশোরগঞ্জে নিজের টমটম উল্টে চাপা পড়ে চালক নিহত❮হাঁসের ডাক প্লেগের টিকা গবেষণায় জাতীয় পদক পেলেন বাকৃবি অধ্যাপক বাহানুর রহমান❮ময়মনসিংহে পুলিশ কর্মকর্তা ক্লোজড