বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত এমওপি সার দোকানে বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর বাজারে মইন উদ্দিন ট্রেডার্স নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত এমওপি সার বিক্রির অভিযোগে মুমিন মিয়াকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মুমিন মিয়া মইন উদ্দিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মহিম উদ্দিনের ছোট ভাই বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা।
বারহাট্টা উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিনামূল্যে দেওয়ার কথা রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, বরাদ্দকৃত সার প্রকৃত কৃষকদের মধ্যে নির্ধারিত পরিমাণে ওজন করে বিতরণের নিয়ম রয়েছে।
তবে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত সরকারি সারের বস্তা কীভাবে দোকানে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বক্তব্য জানতে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেন, বারহাট্টা উপজেলায় দুই হাজার কৃষকের নামে সার ও বীজের প্রণোদনা বরাদ্দ থাকলেও তালিকায় প্রকৃত কৃষকদের অনেকের নাম নেই। ফলে সরকারি প্রণোদনার সুফল প্রকৃত কৃষকদের কাছে পৌঁছানো নিয়ে প্রশ্ন রয়েছে বলে তাঁরা দাবি করেন।
স্থানীয়দের অভিযোগ, প্রণোদনা কর্মসূচির সার বিতরণে যথাযথ তদারকি না থাকলে অনিয়মের সুযোগ তৈরি হতে পারে। বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য নির্ধারিত সার দোকানে বিক্রির ঘটনায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
মন্তব্য করুন