ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি আকাশ চন্দ্র সাহা (৩৩)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বুধবার (২৬ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে লক্ষ্মীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৪ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪-এর সদর কোম্পানির একটি দল র‌্যাব-১১-এর সিপিসি-৩, নোয়াখালীর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী নারীর সঙ্গে আকাশ চন্দ্র সাহার পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, বিয়ের প্রতিশ্রুতি ও বিভিন্ন আশ্বাস দিয়ে আকাশ চন্দ্র সাহা গত ২৩ মার্চ রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগীর বসতঘরে প্রবেশ করেন। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পরবর্তী সময়ে ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দিলে আকাশ চন্দ্র সাহা বিয়েতে অস্বীকৃতি জানান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা করেন।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ১ আগস্ট ময়মনসিংহ কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(খ) ধারায় মামলাটি করা হয়। মামলা নম্বর-২।

মামলা দায়েরের পর থেকেই আকাশ চন্দ্র সাহাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-১৪-এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে তাঁর অবস্থান শনাক্ত করে লক্ষ্মীপুর সদর থানা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান শেষে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৪ জানিয়েছে, গ্রেপ্তার আকাশ চন্দ্র সাহার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।