শেরপুর সীমান্তে মানব পাচারকারী আটক, মামলা দায়ের
ছবি : প্রতিদিনের সংবাদ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (৩৪) নামের এক মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক সেলিম মিয়া শ্রীবরদী উপজেলার বোগলাকান্দি গ্রামের মো. ওয়াদুদ মিয়ার ছেলে।
বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে শ্রীবরদী উপজেলার বাবলাকোনা এলাকায় বিজিবির একটি টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেলিম মিয়াকে আটক করা হয়।
পরে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সেলিম মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, এ চক্রের সঙ্গে শ্রীবরদীর ঝুলগাঁও গ্রামের মো. স্বপন ও বৈষ্ণমপাড়া গ্রামের মো. সুমন জড়িত রয়েছেন। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ‘সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মানবপাচার প্রতিরোধে বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন