নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খালিয়াজুরীতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা।
রোববার (১৮ অক্টোবর) বেলা ২টায় খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ। কর্মসূচি পরিচালনা করেন প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব।
মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সদস্য আবুল হোসেন, সেলিম আহমেদ, সাংবাদিক রাসেল আহমেদসহ স্থানীয় সাংবাদিকেরা।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির এলাকায় মাদক কারবার, সীমান্তে চোরাচালান ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলা, মামলা ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি।
মানববন্ধন থেকে সাংবাদিক আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের ওপর সংঘটিত অন্যান্য হামলা ও নির্যাতনের ঘটনারও সুষ্ঠু তদন্ত দাবি করেন বক্তারা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুর জামান আলিফ ফকির। তাঁর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন স্থানে সাংবাদিকেরা প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন।
কর্মসূচিতে সাংবাদিক জুনায়েদ আহমেদ, মো. সায়েম, জাকির হোসেন, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি মো. এরশাদ মিয়া ও সাইফুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন