নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে সিফাত মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানিখং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিফাত মিয়া উপজেলার কাঁকড়াকান্দা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিফাত উপজেলার বহেরাতলী গ্রামে তাঁর খালার বাড়িতে বেড়াতে এসেছিল। পরে খালাতো ভাই আলী হাসানের সঙ্গে সোমেশ্বরী নদীর রানিখং এলাকায় গোসল করতে নামে সে। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে যায় সিফাত।
এ সময় তাকে উদ্ধারের চেষ্টা করেন আলী হাসান। তিনি একটি বাঁশ ছুড়ে দিয়ে সিফাতকে উদ্ধারের চেষ্টা করলেও স্রোতের মধ্যে সে আবার তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন গণমাধ্যমকে জানান, মরদেহ হাসপাতালেই পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সরেজমিনে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন