নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে নৌকাসহ মালামাল আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত আনোয়ার হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের আসাদপুর ফেরিঘাটসংলগ্ন ধনু নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. আনোয়ার হোসেনকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকা ও মালামালসহ আটক করা হয়।
পরে তাঁকে থানায় নেওয়া হয়। দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনা করে তাঁকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান গণমাধ্যমকে জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রশাসন সূত্রে আরও জানা যায়, জরিমানার ১ লাখ ৫০ হাজার টাকা আদায় শেষে মুচলেকা নিয়ে আনোয়ার হোসেনকে নৌকা ও মালামালসহ ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন