নেত্রকোনার দুর্গাপুরে এক যুবককে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় বদিউজ্জামান ওরফে বদি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা ও অপহরণসহ অন্তত ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্গাপুর সদর উপজেলার মেনকীফান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত ১০টার দিকে শফিকুল ইসলাম (৩৫) শিবগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি তাঁর পথরোধ করেন। পরে তাঁকে জোরপূর্বক আটক করে মুখে কাপড় চেপে মোটরসাইকেলে তুলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
সেখানে শফিকুলের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে তাঁকে ধোবাউড়া উপজেলার রনসিংহপুর বাজার এলাকায় নেওয়া হয়। এ সময় পুলিশের তৎপরতার বিষয়টি টের পেয়ে অপহরণকারীরা তাঁকে ফেলে পালিয়ে যান। পরে পুলিশ শফিকুলকে উদ্ধার করে দুর্গাপুর থানায় নিয়ে যায়।
এ ঘটনায় গত ২৫ আগস্ট শফিকুলের ভাই ফারুক আহমেদ (৪৮) বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, বদিউজ্জামান ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণসহ অন্তত ১৯টি মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে বলেন, অপহরণের খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে শফিকুল ইসলামকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় বদিউজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন