নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় দলিমাটি জলমহালে মাছ ধরার কার্যক্রম পরিচালনার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মো. জসীম উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গত ৩১ অক্টোবর শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার চাকুয়া ইউনিয়নের দলিমাটি জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত জসীম উদ্দিন উপজেলার বল্লী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান গণমাধ্যমকে জানান, দলিমাটি জলমহালটি ছয় বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল। এ জলমহালের বিপরীতে প্রতিবছর ভ্যাট ও আয়করসহ প্রায় ৬৩ লাখ টাকা সরকারি রাজস্ব পরিশোধের কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ে ইজারামূল্য পরিশোধ না করে ইজারাসংশ্লিষ্ট ব্যক্তিরা নিজস্ব লোকজন দিয়ে জলমহালে মাছ ধরার কার্যক্রম পরিচালনা করছিলেন।
তিনি আরও জানান, জলমহালটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। আদালতের আদেশ অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে মাছ ধরা বা অন্য কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ নেই।
নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় জলমহালে মাছ ধরার কার্যক্রম পরিচালনার খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এ সময় মৎস্য আইনে জসীম উদ্দিনকে আটক করা হয়। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্টের মাধ্যমে ঘটনাস্থলেই তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও।
অভিযান শেষে দলিমাটি জলমহালে মাছ ধরা এবং অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি রাজস্ব আদায় ও আদালতের আদেশের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
প্রশাসন সূত্রে জানা যায়, অর্থদণ্ডের টাকা আদায় এবং মুচলেকা গ্রহণের পর জসীম উদ্দিনকে ছেড়ে দেওয়া হয়। অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন