‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোনার কেন্দুয়া এবং জামালপুরের সরিষাবাড়ী ও বকশীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে তিন উপজেলায় পৃথকভাবে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন এবং যুবঋণের চেক ও নিবন্ধন সনদ বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কেন্দুয়া, নেত্রকোনা:
নেত্রকোনার কেন্দুয়ায় সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, বিএনপি নেতা মজনু রহমান খন্দকার, উপজেলা জামায়াতের আমির মো. সাদেকুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব আতাউল হক মিন্টু ও পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল আলম খান শান্তি।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী, জামালপুর:
এদিকে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানার সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মজিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, একাডেমিক সুপারভাইজার এ টি এম রুহুল আমীন বেগ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বাবলুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা শেষে ১০ জন প্রশিক্ষিত যুবক ও যুব সংগঠনের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন যুব সংগঠনকে নিবন্ধন সনদ এবং নারীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
বকশীগঞ্জ, জামালপুর:
অন্যদিকে বকশীগঞ্জে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী এবং সফল খামারি রাজীব বাহাদুর ও শিরিনা বেগম।
অনুষ্ঠান শেষে দুই সফল আত্মকর্মীর মধ্যে মোট তিন লাখ টাকার যুবঋণের চেক বিতরণ করা হয়। কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের খামারি, উদ্যোক্তা ও যুব-যুবতীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভাগুলোতে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন