কিশোরগঞ্জের হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে হোসেনপুর উপজেলার পশ্চিম দ্বীপেশ্বর এলাকায় হোসেনপুর-গফরগাঁও সড়কের একটি সেতুর পূর্ব প্রান্তে পাকা রাস্তার ওপর ৮-৯ জনের একটি ডাকাত দল পিকআপ ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়।
এ সময় পুলিশের ধাওয়া ও অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার চানপুর গ্রামের ইউনুছ খান (৪৫), মানিকগঞ্জের শিবালয় উপজেলার পোরান পয়লা গ্রামের মো. ইউসুফ হোসেন (৩৪), রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাতপুর পশ্চিমপাড়া গ্রামের মো. ওয়াসিম মিয়া (৩৫) এবং বগুড়ার ধুনট উপজেলার আমনগড় গ্রামের আ. মালেক ছালেক (৫০)। অভিযানে তাঁদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি কিরিচ, একটি চাপাতি, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি রামদা, একটি স্মার্টফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ডাকাত দলের সদস্যদের পিছু ধাওয়া করে হোসেনপুর থেকে ভালুকা থানা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপটি আটক করা হয়। সেখান থেকেই তাঁদের দেশীয় অস্ত্র ও মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। তাঁরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন