নেত্রকোনার কেন্দুয়ায় দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় পৃথক দুটি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে নিষিদ্ধ ৮২টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ১০ হাজার টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তাম্বুলিপাড়া এলাকা ও চিরাং ইউনিয়নের কালিয়ান বিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী। এ সময় দুটি স্থান থেকে মোট ৮২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, পৃথক দুটি অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৮২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, চায়না দুয়ারি জালের মতো নিষিদ্ধ ও ক্ষতিকর জালের ব্যবহারে দেশীয় মাছের পোনা ও বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
মন্তব্য করুন