কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম।
মঙ্গলবার (৩ নভেম্বর) হাসপাতালটিতে সফলভাবে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হয়েছে। একই দিনে সম্পন্ন হয়েছে আরও একটি ডি অ্যান্ড সি (D&C) অপারেশন। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব জানান, মঙ্গলবার উপজেলার চন্ডিপাশা এলাকার লিজা (৩০) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। একই দিনে হাসপাতালে আরেকটি ডি অ্যান্ড সি অপারেশনও সফলভাবে সম্পন্ন হয়।
তিনি আরও জানান, দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে প্রতি মঙ্গলবার হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হবে। পাশাপাশি প্রতিদিন স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারি কার্যক্রমও চালু রয়েছে।
তিনি বলেন, প্রসবজনিত যেকোনো জটিলতায় গর্ভবতী মা ও তাদের স্বজনদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসাসেবা নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতেও সিজারিয়ানসহ অন্যান্য অপারেশন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে পাকুন্দিয়াবাসীর সহযোগিতা একান্তভাবে কাম্য।
দীর্ঘদিন বন্ধ থাকার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন কার্যক্রম পুনরায় চালু হওয়ায় স্থানীয় প্রসূতি মায়েদের সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রতি মঙ্গলবার বিনামূল্যে এ সেবা চালু থাকায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলো উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন