Hasan
২১ নভেম্বর ২০২৬, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি

‘আমার বাবা-মায়ের নিরাপত্তা দিতে পারবে কি না জানি না’, পুলিশের নিষ্ক্রিয়তায় শঙ্কিত রাফি

নেত্রকোনায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি অভিযোগ করে তিনি বলেছেন, ‘আমি জানি না এই সরকার, এই রাষ্ট্র আমার বাবা-মায়ের জীবনের নিরাপত্তা দিতে পারবে কি না।’

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রাফি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে নেত্রকোনায় তাঁর গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ওই সময় ঘরে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা-মা। একটি শপিং ব্যাগ দিয়ে বাড়িতে আগুন ধরানো হয়। পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাড়ির এক নারী বাইরে এসে বারান্দায় আগুন জ্বলতে দেখেন। তাঁর চিৎকার ও তাৎক্ষণিক তৎপরতায় পরিবারের সদস্যরা ঘুম থেকে জেগে ওঠেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আগুনে বাড়ির পাশে থাকা মাছ ধরার ঠেলা জালের একাংশ পুড়ে যায়। এর ঠিক ওপরেই ছিল বিদ্যুতের মিটার।

রাফি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি আমার বাবা-মাকে অক্ষত পেয়েছি।’

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা নতুন নয়। দেশের বিভিন্ন স্থানে একের পর এক এ ধরনের ঘটনা ঘটছে। জুলাই আন্দোলনের সম্মুখসারির সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, ডাকসু নেতা মুসাদ্দেকের বাড়িঘর ভাঙচুর, বিএনপির সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।

রাফি বলেন, ‘যারা বাসে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারতে চায়, জনগণের জানমালের ক্ষতি করতে চায়, তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না। তারা নিছক একটি সন্ত্রাসী গোষ্ঠী।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতি আর কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নেই। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশ্নে কোনো আপস করা যাবে না।

নিজের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাফি। তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা পুলিশকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

রাফি বলেন, ‘পুলিশের এই নীরবতা, নিষ্ক্রিয়তা আরও আশঙ্কার জন্ম দিচ্ছে। আমি শঙ্কায় আছি, আমার পরিবারের সঙ্গে আরও খারাপ কিছু হয়ে যায় কি না। যে রাষ্ট্র একটা হত্যার বিচার করতে পারে না, সেই রাষ্ট্র আমার বাবা-মায়ের জীবনের নিরাপত্তা কীভাবে দেবে, আমি জানি না।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদের উদ্দেশে রাফি বলেন, ‘আপনাকে তামাশা দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। জনগণের ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। যদি সেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে সসম্মানে দায়িত্ব ছেড়ে দেন। আপনার লজ্জা হওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাঁদের ছাড়িয়ে নিতে বিএনপির কিছু নেতার তদবিরের অভিযোগও তোলেন রাফি। তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর বিএনপির কিছু নেতা তাঁদের ছাড়িয়ে নিতে তদবির করেছেন। এসব কর্মকাণ্ডের ফলেই আওয়ামী লীগ আবার নাশকতা চালানোর সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে রাফি বলেন, ‘রক্ত দিবেন আপনারা, জেল খাটবেন আপনারা; কিন্তু গাঙ পার হয়ে গেলে আপনাদের ত্যাগের দুই পয়সার মূল্য থাকে না। যারা আপনাদের ত্যাগের মূল্যায়ন করে না, এদের চিনে রাখুন।’

নিজের ও পরিবারের ওপর হামলার ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না জানিয়ে রাফি বলেন, ‘আমাদের মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই। শহীদি তামান্না নিয়েই এই লড়াই শুরু করেছিলাম।’

তিনি বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট তাঁর মা ফোন করে বলেছিলেন, ভয় নেই, মানুষ তাঁর সঙ্গে আছে। বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টার পরও তাঁর মায়ের মধ্যে কোনো ভয় দেখেননি তিনি। বরং মা তাঁকে বলেছেন, ‘ভয় পাওয়ার কিছু নাই বাবা, আমরা কারোর ক্ষতি করি নাই। আল্লাহই বাঁচাইবো আমাদের।’

রাফি বলেন, ‘জুলাইয়ে তোমাদের হাসিনার বুলেট আমাদের লড়াই থামাতে পারেনি, তোমাদের অগ্নিসন্ত্রাসও আমাদের এই লড়াই থামাতে পারবে না। আমাদের কোনো পিছুটান নেই, আমাদের সামনে শুধুই বাংলাদেশ। আমি যদি মরেও যাই, জনগণের পক্ষের এই লড়াই চলবেই। ইনশাআল্লাহ।’

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস

১

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার

২

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী

৩

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী

৪

‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’

৫

কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৬

এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার

৭

ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত

৮

পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি

৯

ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে

১০

ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার

১১

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন / আসন শূন্য হতেই মনোনয়ন যুদ্ধে বিএনপি-জামায়াত

১২

গবেষণার বাণিজ্যিকীকরণে ১০ প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি

১৩

ধোবাউড়ায় প্রধান শিক্ষককে মারধর

১৪

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের শেষ ধাপের প্রশিক্ষণ উদ্বোধন

১৫

ময়মনসিংহে কৃষকের মরদেহ উদ্ধার

১৬

শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ

১৭

ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে দুই জিডি, শনাক্তে সাইবার ইউনিটে আবেদন

১৮

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, তহবিলে জমা ১৩৩ কোটি

১৯

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০
শিরোনামঃ
❮দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস❮এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার❮জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী❮২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী❮‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’❮কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ❮এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার❮ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত❮পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি❮ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে