নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে এক যাত্রীর স্বর্ণালংকার, জমির মূল দলিলপত্র ও নগদ অর্থসহ ব্যাগ চুরির ঘটনার মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই ব্যাগটি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত দুই জন পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪ থেকে গনমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ভুক্তভোগী মোঃ আতিকুর রহমান (৪৭), নেত্রকোনার কলমাকান্দার বাসিন্দা । তিনি গত ২৫ সেপ্টেম্বর ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে পরিবারসহ নেত্রকোনাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন। দুপুর ১টা ৪৫ মিনিটে ট্রেন ছাড়ার পর তিনি তার ব্যাগটি পরিবারের সিটের উপরের বাংকারে রাখেন। ব্যাগটিতে ছিল জমির মূল দলিলপত্র, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র। পরে বিকেল ৪টা ৩০ মিনিটে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে যাত্রা বিরতি করলে তিনি নামাজ পড়তে জিআরপি মসজিদে যান। নামাজ শেষে ফিরে এসে দেখতে পান, বাংকারে রাখা ব্যাগটি চুরি হয়ে গেছে।

পরবর্তীতে আতিকুর রহমান ময়মনসিংহ রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। চুরির ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্তে অভিযান শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে, র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল ময়মনসিংহ নগরীর সেহড়া ডিবি রোড এলাকায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত দুই পেশাদার চোরকে গ্রেফতার করে। তারা হলেন: মোঃ বাবুল (৩২), পিতা মোঃ আবুল কালাম।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি অনুযায়ী, র‌্যাব চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভেতরে পাওয়া যায়: জমির মূল দলিলপত্র, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৪।