কিশোরগঞ্জের বাজিতপুরে নিজ ঘরে নামাজের প্রস্তুতিকালে করিমা বেগম (৫৫) নামে এক নারীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় ঘর থেকে নগদ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগও পাওয়া গেছে।
রোববার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার কৈলাগ ইউনিয়নের উত্তর কৈলাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত করিমা বেগম ওই গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বামীর ছোট ভাই বাছির উদ্দিন জানান, সকালে নামাজের জন্য অজু করতে ঘরের বাইরে যান করিমা বেগম। এ সুযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা ঘরে প্রবেশ করে। অজু শেষে ঘরে ফিরে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর গলা টিপে হত্যা করে। পরে ঘর থেকে নগদ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার আগে নিহতের স্বামী নিজাম উদ্দিন ভোরে হাওরে চলে যান। সম্প্রতি তিনি প্রতিবেশীদের কাছে ধানের খড় বিক্রি করেছিলেন। ঘটনার সময় কয়েকজন প্রতিবেশী খড় নিতে আসছিলেন। এদিকে প্রতিবেশী কামাল মিয়া একজনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন। তবে পেছন দিক থেকে দেখায় তিনি ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি।
নিহত করিমা বেগমের দুই ছেলে কাউছার মিয়া ও শরিফ মিয়া সৌদি আরবপ্রবাসী। তাঁর এক মেয়ে শোহেনা আক্তার।
খবর পেয়ে ১১ নম্বর কৈলাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম পুলিশকে বিষয়টি জানান। পরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহসহ পুলিশের একটি দল এবং বাজিতপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করা কামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন