টঙ্গীতে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, আটক ১
ছবি: খবরের কাগজ
গাজীপুরের টঙ্গীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে পলাশ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়।
এর আগে, শনিবার (২১ নভেম্বর) রাতে চায়ের দোকানে বসে তিনি এ ধরনের মন্তব্য করেন।
স্থানীয়দের অভিযোগ, টঙ্গীর পাগার এলাকার একটি চায়ের দোকানে বসে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে পলাশ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের ডাকা সালিশ বৈঠক চলাকালে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পলাশকে একটি ঘরের ভেতরে আটকে রাখেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় হেফাজতে নেয়।
পলাশ প্রধান/অলি/
রূপপুরে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু
দ্বিতীয় দফায় পাবনার ঈশ্বরদীর রূপপুর প্রকল্পের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিট থেকে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন।
তিনি জানান, সকাল ১০টা ২০ মিনিট থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলক জাতীয় গ্রিড সরবরাহ শুরু হয়েছে। ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। তিনি আরও জানান, জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের সময় বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
এর আগে, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়ে চলে রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত। এ সময়ে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। প্রথমবার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ রূপপুর প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর সাংবাদিকদের মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির শুরুতে পূর্ণ সক্ষমতায় প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে।’
উল্লেখ্য, গত ৮ অক্টোবর নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বায়রা)। তখন বায়রার চেয়ারম্যান মাহমুদুল হাসান সাংবাদিকদের জানিয়েছিলেন, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেই এ অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্বে যেতে নিতে হবে আরও কয়েকটি অনুমোদন।
প্রকল্প সূত্রে জানা গেছে, রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।
প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
দুটি ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি লোডশেডিং কমানো এবং জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে। তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় পারমাণবিক বিদ্যুতের উৎপাদন ব্যয়ও কম হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
জাহাঙ্গীর হোসেন/অলি/
মুন্সীগঞ্জে অটোরিকশা গ্যারেজে ডাকাতি: আতঙ্কে ১ জনের মৃত্যু
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পাটাভোগে একটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ভয়ে ও আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অহিদুল ইসলাম (৫০) এর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) রাতে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের হরিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অহিদুল ইসলাম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামের বাসিন্দা। তিনি গত তিন মাস ধরে ওই গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন এবং সেখানেই স্ত্রী উসনা আক্তারকে নিয়ে বসবাস করতেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, রবিবার রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে গ্যারেজ পরিচালক অহিদুল ইসলাম ও তার স্ত্রী উসনা আক্তারের হাত, পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে।
ডাকাত দল গ্যারেজে থাকা ১৮টি অটোরিকশার মোট ৬১টি ব্যাটারি এবং দুটি আস্ত অটোরিকশা লুট করে নিয়ে যায়। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা অহিদুল ইসলামের কোনো সাড়াশব্দ না পেয়ে তার হাতের বাঁধন খুলে দিয়ে দ্রুত চলে যায়। পরবর্তীতে অহিদুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মইনুদ্দীন/অলি/
মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, নতুন লেনে উভয়মুখী যান চলাচল
কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী সেতুর বিয়ারিংপ্যাডে ত্রুটি দেখা দেওয়ায় চট্টগ্রামমুখী লেন বন্ধ রাখা হয়েছে। বিকল্প হিসেবে পাশের ঢাকামুখী নতুন দুই লেনের সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল করছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৫টা থেকে সেতুটি বন্ধ রাখা হয়।
দাউদকান্দি টোলপ্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিংপ্যাডে অতিরিক্ত কম্পন দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে সেতুটির দুই লেন বন্ধ রাখা হয়েছে। আজ বিশেষজ্ঞ দল সেতুটি পরিদর্শন করবে। পরিদর্শনের পর ত্রুটির ধরন এবং মেরামতে কতদিন সময় লাগবে তা জানা যাবে। যান চলাচল স্বাভাবিক রাখতে পাশের নতুন দুই লেনের সেতু দিয়ে উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এতে যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটবে না।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, সড়ক ও জনপথ বিভাগ থেকে সেতুতে ত্রুটির বিষয়টি জানানো হয়েছে। মেরামতের জন্য চট্টগ্রামমুখী সেতুর দুই লেন বন্ধ রাখা হয়েছে। বিকল্প সেতু দিয়ে উভয়মুখী যান চলাচল নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশ প্রস্তুত রয়েছে। আশা করছি যানজট বা ভোগান্তি তৈরি হবে না।
তিনি আরও বলেন, বিষয়টি আরও আগে জানানো হলে সাধারণ মানুষকে আগেভাগে সতর্ক করা এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সুবিধা হতো।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর পুরনো সেতুটি দিয়ে চট্টগ্রামমুখী এবং নতুন দুই লেনের সেতুটি দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করে। এর আগেও কয়েক দফায় মেরামতের জন্য পুরনো সেতুটি বন্ধ রাখা হয়েছিল। সে সময় নতুন সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচল করায় যানজটের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুন্সীগঞ্জের ভবেরচর ও কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ সদস্যদের সেতুর দুই প্রান্তে বাড়তি সতর্ক অবস্থানে থাকতে হয়েছিল।
লিটন সরকার/অলি/
টঙ্গীতে বসতবাড়িতে গ্যাসের আগুন, নারী ও শিশুসহ দগ্ধ ৩
গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধরা হলেন, মনিরা আক্তার (৩০), তার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম (২৬)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জাহানারা বেগমের মালিকানাধীন বসত বাড়িতে গ্যাস লিকেজের থেকে আগুন লাগে। আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন।
পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন