ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু
নেত্রকোণা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নেত্রকোণার আটপাড়ায় নদীর ঘাটে গোসলের সময় কাদা সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত মামুন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়। মামুন উপজেলার গোয়াতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাড়ির সামনে মগড়া নদীর ঘাটে গোসল করতে যায় মামুন। এতে ঘাটে কাদা জমে যায়। পরে জুমার নামাজের আগে একই ঘাটে ওজু করতে যান স্থানীয় আব্দুল জব্বার (৫২)। এ সময় কাদায় পিছলে পড়ে যাওয়াকে কেন্দ্র করে মামুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি শুরু হয়। এ সময় আব্দুল জব্বার বাঁশ দিয়ে মামুনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মামুনকে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আটপাড়া থানার ওসি প্রদীপ কুমার চক্রবর্তী জানান, শনিবার রাতে ওই কিশোরের মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন