
মুক্তাগাছা প্রতিনিধি: ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদের হবে উন্নতি’ প্রতিপাদ্যে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে মুক্তাগাছায় বর্ণাঢ্য র্যালী, প্রদর্শনী, উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুক্তাগাছা উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
বুধবার সকালে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। উদ্বোধনের পরে বর্ণাঢ্য র্যালী শুরু হয়। র্যালীটি অফিস চত্বর থেকে শুরু হয়ে কালীবাড়ী পুকুরপাড়-জামাই মোড় হয়ে পুনরায় অফিস চত্বরে শেষ হয়।
প্রধান অতিথি এ সময় খামারী ও উদ্যোক্তাদের স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা’র সভাপতিত্বে এবং ভেটেরিনারি সার্জন নিহন পারভেজ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সিনমিন জাহান ইলমা, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, সাবরেজিস্ট্রার এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রাণীসম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং যুবাদের অন্তর্ভুক্তির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারী ও উদ্যোক্তারা উদ্ভাবনী প্রযুক্তি, গবাদিপশু, হাঁস-মুরগী, দুগ্ধ ও ডিম উৎপাদন প্রযুক্তি প্রদর্শন করেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী খামারী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

