
সংবাদদাতা : ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেলপথ অবরোধ করে রেললাইনে আগুন দিয়েছে দলের বিক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা।
একই সঙ্গে গফরগাঁও পৌর শহরের প্রধান সড়কের অন্তত ১০টি স্থানে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে পৌর শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। রেললাইনে আগুন দেওয়ার ফলে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গফরগাঁও উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংয়ে রেললাইনে আগুন দেওয়া হয়। একই সময়ে পৌর শহরের বিভিন্ন এলাকায় পৃথকভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা রেললাইনে আগুন দিলে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতির কারণে গফরগাঁও পৌর শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, রেললাইনে আগুন দেওয়ায় ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, মনোনয়ন পরিবর্তনের দাবিতে পৌর শহরের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এর আগে শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে মো. আক্তারুজ্জামান বাচ্চুকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর পরপরই এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া বলেন, আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া এই পরিস্থিতিতে ট্রেন চালানো সম্ভব নয়।

