
মুক্তাগাছা প্রতিনিধি : বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলা রোভার-এর উদ্যোগে এবং লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এলএস ডব্লিউ এ)-এর সহযোগিতায় শনিবার (২৭ ডিসেম্বর) মুক্তাগাছা উপজেলার লক্ষ্মীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কার্যক্রমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সরেজমিনে জানা গেছে, এদিন ১,৭৪১ জনের অধিক সাধারণ মানুষ বিভিন্ন সেবা গ্রহণ করেছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে এলোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা, চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে চশমা প্রদান, ব্লাড গ্রুপিং এবং সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। এছাড়া গরু-ছাগল ও হাঁস-মুরগির চিকিৎসা, মাছের চিকিৎসা, কৃষি পরামর্শ ও বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলা রোভার-এর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বলেন, স্কাউটিং কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো মানবিকতা ও সেবার মানসিকতা তৈরি করা। সমাজের অবহেলিত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কর্মসূচিতে স্কাউটসের বিভিন্ন ইউনিটের রোভার, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

