
নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর অভিযানে ১৬ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোনার দূর্গাপুর এলাকার মোঃ আকাশ মিয়া (৩০), নেত্রকোনার কলমাকান্দার মোঃ মনজুরুল হক (৩৫)।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জানুয়ারি বিকেলে ৩টা ৩০ মিনিটে ময়মনসিংহ নগরীর চরকালিবাড়ী এলাকার শম্ভুগঞ্জ টোলপ্লাজার পাশে চেকপোস্ট স্থাপন করে র্যাব।
চেকপোস্ট চলাকালে শেরপুর থেকে ছেড়ে আসা ‘মনি মুক্ত’ নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল তল্লাশি করা হলে সন্দেহজনক আচরণ লক্ষ্য করা যায়। পরে দুইজন যাত্রীর হেফাজতে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ থাকার কথা তারা স্বীকার করেন। এসময় তাদের সাথে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ১৬ (ষোল) বোতল বিদেশি মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

