
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিলে ময়মনসিংহকে ‘মডেল নগরী’ হিসেবে গড়ে তোলা হবে—এ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা জিয়া পরিষদ আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত এর কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। কিন্তু আপনারা যদি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেন এবং বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে আগামী দিনে ময়মনসিংহ নগরীকে ‘মডেল নগরী’ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে, আড়াই লক্ষ মা-বোনের ওপর নির্যাতন হয়েছে। সেই আত্মত্যাগের পরও আজ যারা ক্ষমতায় আছে, তারা কি সেই ইতিহাসকে সম্মান করছে? আপনারা কি তাদেরকেই ভোট দেবেন, নাকি যারা রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ এবং কাজ করতে সক্ষম?
ওয়াহাব আকন্দ বলেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে যারা স্বাধীনতা ছিনিয়ে এনেছে, তাদেরকেই কি আবার দায়িত্ব দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর আপনারা মা-বোনদের কাছে বিচার করে দিতে পারবেন। তাদের স্মৃতিচারণ করে আপনারা ঠিক সিদ্ধান্ত নিবেন—এটাই আমার বিশ্বাস।
তিনি বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ধানের শীষে ভোট দিলে শুধু এই এলাকার উন্নয়নই নয়, সারাদেশের উন্নয়নে কাজ করবে বিএনপি। গত কয়েক বছরে ফ্যাসিস্টদের শাসনে যে দেশ ধ্বংসের পথে চলে গেছে, তাকে পুনর্গঠন করতে তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করবো—ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম মাহাবুবুল আলম মাহাবুব, বাকৃবি জিয়া পরিষদ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।
এর আগে এদিন সকালে ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী ওয়াহাব আকন্দ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কোতোয়ালি বিএনপির সঙ্গে মতবিনিময় করেন। পরে নগরীর কেওয়াটখালী রেলওয়ে কলোনীস্থ হলি কোরআন একাডেমিতে নির্বাচনি সভায় বক্তব্য দেন। সন্ধ্যায় তিনি নগরীর দুর্গবাড়ী এলাকায় ব্যবসায়িদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

