
মুক্তাগাছা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র্যাবের সমন্বয়ে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়ার উদ্দেশ্য ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা।
সোমবার সকালে সরকারি আরকে হাই স্কুল মাঠ থেকে মহড়া শুরু হয়ে ত্রিমোহনী নতুন বাজার প্রদক্ষিণ শেষে আবার মাঠে এসে সমাপ্ত হয়।
এসময় মুক্তাগাছা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তারেক আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) জুলুস খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মেজর তারেক আজিজ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণ যাতে শান্তিপূর্ণ পরিবেশে পছন্দমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রসহ সকল স্থানে নিরাপত্তা প্রদানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।
কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি বরদাস্ত করা হবে না। ভোটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আজকের মহড়ার আয়োজন করা হয়েছে।
মহড়ায় সেনা, পুলিশ, বিজিবি, র্যাব সদস্যদের পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

