
নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি হাসপাতালের ক্যাথল্যাব, কার্ডিওলজি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের তাগিদ দেন।
পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন ক্যান্সার ভবন, বার্ন ও প্লাস্টিক সার্জারি ভবনের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এমপি ওয়াহাব বলেন, ময়মনসিংহ শহরে একটি শিশু হাসপাতালের নির্মাণকাজ চলমান থাকলেও অগ্রগতি সন্তোষজনক নয়। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে এবং দ্রুত কাজ শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি মমেক হাসপাতালের নির্মাণাধীন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন, উপ-পরিচালক ডা. জাকিউর রহমান, ড্যাব মমেক হাসপাতালের সভাপতি ডা. মো. বদর উদ্দীন, সাধারণ সম্পাদক ডা. মাহমুদ হোসেন নাসিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

